April 15, 2026, 7:39 pm

জয়পুরহাটের কালাইয়ে জমি-জমা বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত-৪

সজিবুল ইসলাম পাভেল জয়পুরহাট

জয়পুরহাটের কালাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত ও সিএনজি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আজিজার রহমান (৪৮) শুক্রবার (১৫ আগস্ট) রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তালখুর গ্রামে আসামি তার বড় ভাই মো. ছাইদুর রহমান (৫৫), আরেক বড়ভাই মো. শাহজাহান আলী (৬৬), ভাতিজা মো. শিহাব হোসেন (২৪), মো. বাসেদ (২৮), বোন শহিদা বেগম (৫৭), এবং নিকটাত্মীয় মহিদুল ইসলাম (৩৮), ছায়েম হোসেন (২৬) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ির সামনে হামলা চালায়। এ সময় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধরের ঘটনায় আজিজার রহমান, তার স্ত্রী রিনা আক্তার (৪২) ও মেয়ে শারমীন আক্তার (২১) আহত হন।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা আসবাবপত্র, ঘরের জানালা এবং একটি সিএনজি ভাঙচুর করে। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত আজিজার রহমান বলেন, “বসতবাড়ির সামনে চলাচলের জন্য ৫ ফিট রাস্তা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তারা ৮ ফিট রাস্তার দাবি করে। বিষয়টি নিয়ে দ্বন্দ্ব থেকে বৃহস্পতিবার সকালে বড় ভাই ছাইদুর, শাহজাহানসহ ভাতিজা-ভাগিনারা সবাই মিলে হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযুক্ত বড় ভাই মো. ছাইদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,“আমার ছোট ভাই আজিজার ও ছোট বোন শাহিদার মধ্যে বেড়া দেয়াকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়। আমি বড় ভাই হিসেবে সমাধানের চেষ্টা করলে আজিজার ও তার পরিবারের লোকজন আমাকে আক্রমণ করে। এতে দুপক্ষের ধাক্কাধাক্কিতে এবং কমবেশি ক্ষতি হয়েছে। আর এ সময় আমাদের নাতি শিহাব হোসেনসহ উভয় পক্ষের চারজন আহতও হয়েছেন। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।”

কালাই থানার এস আই হাসানুর রহমান বলেন, ভুক্তভোগী আজিজার থানায় এসে ওই সময়ের ডিউটি অফিসারকে একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা