June 17, 2026, 11:35 am

মুন্সিগঞ্জ ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ ও বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

আক্কাস আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদীখানে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান উপদেষ্টা নূরজাহান বেগম।চিত্রকোট ইউনিয়নের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।
শনিবার (১৬ আগস্ট) সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এসময় শিল্পপার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপনের প্রস্তাবিত স্থানসমূহ ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বিসিক কেমিক্যাল শিল্প পার্কের সকল স্থাপনা সরকারি রোডম্যাপ অনুযায়ী নির্মাণ করতে হবে। এ প্রকল্প চালু হলে স্থানীয় জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বেকারত্ব হ্রাস পাবে। এলাকাবাসী সরাসরি সুবিধা ভোগ করবে।
নূরজাহান বেগম জানান, এরইমধ্যে ৪০ একর জমি বরাদ্দ নেয়া হয়েছে। জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিসিক। এরপর ধাপে ধাপে যন্ত্রপাতি আমদানি ও অন্যান্য অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে পূর্ণ সক্ষমতা অর্জনে আরও আড়াই থেকে তিন বছর সময় লাগবে।
তিনি বলেন, ‘বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রায় ৭০ শতাংশ ওষুধ সরবরাহ করতে পারছি। কোয়ালিটির দিক থেকে এগুলো কোনো প্রাইভেট উৎপাদকের চেয়ে কম নয়। তবে ৯০ থেকে ১০০ শতাংশ চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি প্রয়োজন হবে। সেগুলো আনার প্রক্রিয়া দ্রুত শুরু হবে।’
পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন এসেন্সিয়াল ড্রাগস বাংলাদেশের এমডি মো. আব্দুস সামাদ মৃধা, বিসিক কেমিক্যাল শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, রাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম মিয়া প্রমুখ।
বিসিক কেমিক্যাল শিল্প পার্কের প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমান জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে প্রকল্পের সকল কার্যক্রম সম্পন্ন হবে। পরে বেলা ১১ টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যান উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকার নবাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা