June 17, 2026, 12:34 pm

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী আকাশ নিহত।

এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে শনিবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য নিলয় আহমেদ আকাশ (২৬) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মুস্তাকিম ও নাসির উদ্দিন নামে আরও দুইজন আহত হয়েছেন।

নিহত আকাশ ফরিদপুরের মধুখালী ফায়ার সার্ভিসের সদস্য ও মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের খোকন মিয়ার ছেলে। মুস্তাকিম একই এলাকার নুরুল ইসলাম ও নাসির উদ্দিন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের নবী উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আকাশ ও মুস্তাকিম মেহেরপুর থেকে গাংনী যাওয়ার পথে ছিলেন, আর নাসির মেহেরপুরের দিকে আসছিলেন। মদনাডাঙ্গায় পথিমধ্যে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পড়লে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসকেরা তাদের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাজশাহীতে যাওয়ার পথে আকাশের মৃত্যু হয়। জানা গেছে, আকাশ ৭ দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন এবং শনিবার ছিল তার ছুটির শেষ দিন। রবিবার কর্মস্থলে যোগদানের কথা ছিল, কিন্তু তার আগেই সড়কে তার প্রাণ চলে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা