June 17, 2026, 12:44 pm

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরচাপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর মৃত্যু

এ আর সুমন কিশোরগঞ্জ থেকে

কিশোরগঞ্জ জেলার কুরিয়ারচর উপজেলার, কুলিয়ারচরে বালুবাহী ট্রাক্টরের চাপায় জয়নাল আবেদীন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাজরা কামালিয়াকান্দি থেকে কুলিয়ারচর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিড়ারপাড় গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জয়নাল আবেদীন মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক্টরটিকে শনাক্ত করা হয়েছে। সেটি জব্দ ও চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা