ঢাকা, ১২ আগস্ট রাজনীতি, নির্বাচন, সংস্কার, নাগরিক অধিকার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্ক উন্নয়ন বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের ৫৫/বি নং কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কর্তৃক আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করে সহনীয় করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আগামীর বাংলাদেশ গঠনে দলের দৃষ্টিভঙ্গি এবং সংস্কার কমিশনে দলের নীতিগত অবস্থান তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট, পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ ও পলিটিক্যাল এসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ। ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল আহসান মারজান ও মুহাম্মাদ রাজন শিকদার।