June 17, 2026, 2:40 pm

মুন্সিগঞ্জে ছিনতাইকারী ইজিবাক সহ চক্রের ৭ সদস্য গ্রেফতার

আক্কাস আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর ও ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার শ্যামপুর থানার দোলাইরপাড়ের রুবেল ওরফে আব্দুল্লাহ (৩২), নবাবগঞ্জ উপজেলার আগলাদরগা বাড়ি গ্রামের মো. জামাল হোসেন (৪০), কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা গ্রামের মো. সুমন (৩৮), দোহার উপজেলার আওরঙ্গবাদ গ্রামের ইমরান হোসেন ওরফে মোফাজ্জল (৪৫), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের মো. হৃদয় শেখ (২৫), একই উপজেলার ভাগ্যকুল মান্দ্রা গ্রামের পলাশ পাঠান (৩৫) ও কামারগাঁও গ্রামের মো. বিধান (৪৭)।
সোমবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ. অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর, ডিবির ওসি ইশতিয়াক আহমেদ রাসেল প্রমুখ।
পুলিশ সুপার জানান, দীর্ঘদিন ধরে চক্রটি যাত্রীবেশে মুন্সিগঞ্জসহ আশপাশের জেলায় ইজিবাইক চালকদের বিভিন্ন অজুহাতে নির্জন স্থানে নিয়ে চেতনানাশক মিশ্রিত খাবার বা পানীয় খাইয়ে তাদের অজ্ঞান বা হত্যা করে ইজিবাইক ছিনতাই করছিল। পরে ছিনতাইকৃত ইজিবাইকগুলো গ্যারেজে নিয়ে চেসিস আলাদা করে রং পরিবর্তন করে বিক্রি করত।
সর্বশেষ গত ২ আগস্ট সকাল ১০টার দিকে সিরাজদিখানের নোয়াপাড়া এলাকায় ইজিবাইক চালক মালয় শেখকে চেতনানাশক মাখানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে চক্রের তিন সদস্য।
ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে এসআই কামরুল হাসানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান চালায়। রোববার (১০ আগস্ট) বিকালে শ্রীনগরের পাটাভোগ ফেরিঘাট আন্ডারপাস এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক মাখানো বিস্কুট ও ওয়্যারলেস সেট উদ্ধার হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকা থেকে আরও তিনজনকে এবং কেরাণীগঞ্জ থেকে গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়।
সেখান থেকে ছিনতাইকৃত ২টি ইজিবাইক ও ২টি চেসিস উদ্ধার হয়। পরে কেরাণীগঞ্জের একটি গ্যারেজ থেকে আরও ৪টি ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। এই চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা