দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন নদভী মনোনয়ন পাওয়ার পর থেকেই মাঠে সরব হয়ে উঠেছেন।
২১শে আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কর্মী-সমর্থকদের সাথে নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করেন। শোডাউনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গরিব-দুঃখী মানুষের খোঁজখবর নেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খানসামা উপজেলা শাখার সভাপতি এইচ এম মোরসালিন ইসলাম বলেন, “আগামী নির্বাচনে ইসলামী ঘরানার সব ভোট একটি বাক্সে পড়বে—এই আশাবাদ নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।”
রাজনৈতিক মাঠে ইতোমধ্যে দিনাজপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে এবং জোরেশোরে প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে বিএনপির একাধিক গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষ, হামলা-মামলা আর একে অপরের প্রতি আস্থাহীনতায় ভুগছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলনের কর্মী-সমর্থকরা শান্তিপূর্ণভাবে মাঠে থেকে নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে জনগণকে সংগঠিত করছেন। তরুণ-যুবকদের মধ্যেও ইসলামী আন্দোলনের শৃঙ্খলাবদ্ধ প্রচারণা ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
গ্রামীণ জনপদ থেকে শুরু করে হাট-বাজার, মসজিদ-মাদ্রাসা পর্যন্ত প্রার্থী আনোয়ার হোসেন নদভীর প্রচারণা পৌঁছে যাচ্ছে দ্রুত। সাধারণ ভোটাররা ইসলামী আন্দোলনের প্রতি আস্থা রাখছে বলে জানান স্থানীয়রা।
এলাকার প্রবীণরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দলীয় কোন্দল আর ক্ষমতার রাজনীতিতে ক্ষতিগ্রস্ত এই আসনে একটি বিকল্প শক্তি গড়ে উঠছে। অনেকে ধারণা করছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী এবারের নির্বাচনে বড় চমক দেখাতে পারেন।
মাঠপর্যায়ের কর্মীরা বিশ্বাস করেন, জনগণের আস্থা ও দোয়া নিয়েই বিজয়ের পথে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।