চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়ে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩২ মামলায় ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৃথক চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে বিকেলে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেন।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট এলাকায় যৌথ বাহিনী ১০৯টি যানবাহনে তল্লাশি চালায়। এসময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় স্থাপিত চেকপোস্টে ১০৩টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এতে ১০ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইন পরিপন্থি কার্যক্রম দমন ও আইনের শাসন বজায় রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থান বজায় রাখবে।