জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় শিক্ষক দম্পতির বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৮-১০ জনের একদল অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে একঘরে আটকে রাখে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে নগদ দেড় লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
শিক্ষক নাফসি তালুকদার জানান, “ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে। জানালার গ্রিল কেটে ঢুকে আমাদের হাত-পা ও চোখ বেঁধে রেখেছে। স্ত্রী-সন্তানসহ সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”
শিক্ষিকা তাজমিনা তালুকদার বলেন, “তারা ঢুকেই আমাদের বেঁধে ফেলে এবং ঘরের প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়।”
এ ঘটনার পরপরই এএসপি সার্কেল ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
সজিবুল ইসলাম পাভেল
জয়পুরহাট